মোটরের পানিতে হাত ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের

আপডেট : ১৬ মে ২০২৫, ১৮:৫২

ময়মনসিংহের তারাকান্দায় মোটরের পানিতে হাত ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. তারা মিয়া (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের বাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া একই ইউনিয়নের লাউটিয়া টানপাড়া গ্রামের মো. লেবু মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান। তিনি বলেন, সকালে বাতিয়া গ্রামের একটি পুকুরে কয়েকজন শ্রমিকের সঙ্গে তারা মিয়াও মাটি কাটার কাজ করছিল। পাশেই একটি মোটরের মাধ্যমে জমিতে পানি দেওয়া হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে নাস্তা খাওয়ার জন্য ওই মোটরের পানিতে হাত ধুতে যায় তারা মিয়া। পানিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে ছটফট করতে থাকেন তিনি। এসময় অন্যান্য শ্রমিকরা এ ঘটনা দেখতে পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, মোটরটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে পানিও বিদ্যুতায়িত হয়ে যায়। এমতাবস্থায় পানিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তারা মিয়া। এ ঘটনায় নিহতের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। ফলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এএইচপি