বিদেশ পালাতে গিয়ে ধরা, সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২৫, ২১:১৭

বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৭ মে) দুপুরে তাকে গ্রেপ্তার করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।

তৌফিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, হামলা ও নাশকতার অভিযোগ।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে হাটহাজারীতে দায়ের হওয়া তিনটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

পুলিশ সূত্রে আরও জানা গেছে, চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি আন্দোলনে হামলা এবং একজন নিহত হওয়ার ঘটনার সঙ্গেও তৌফিকের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/আইএ