জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট : ১৮ মে ২০২৫, ১৫:৫৪

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই সুনিল মাতা (৫২) খুন হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুনিল মাতা একই গ্রামের শুধাংশ মাতার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে সুনিল মাতা ও বড় ভাই নিখিল মাতার দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে ঘটনার দিন বিকালে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রাত ৯ টার দিকে নিখিল মাতা ও ভাইপো নিলকান্ত মাতা বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুনিল মাতাকে গুরুতর জখম করে। রক্তাক্ত জখম অবস্থায় সুনিল মাতাকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা অফিসার ইন চার্জ রাজিম আল রশিদ বলেন, সীমানা ও পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই এ ঘটনা ঘটেছে। ঘাতকদের গ্রেফতার করতে অভিযান চলছে।

ইত্তেফাক/এএইচপি