ভুয়া ওয়েবসাটের মাধ্যমে নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে ইউজিসির সতর্কতা

আপডেট : ১৮ মে ২০২৫, ১৮:৫৯

একটি প্রতারক চক্র নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অবৈধ ভর্তি কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে। বিষয়টি নজরে আসায় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বিশ্ববিদালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জানা গেছে, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৩ সালে অনুমোদন পেয়েছে। ওই প্রতিষ্ঠানে এখনও ভিসি নিয়োগসহ প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়নি। রবিবার (১৮ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র বিশ্ববিদ্যালয়টির (https://ngstu.ac) নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষার্থী ভর্তির অবৈধ কার্যক্রম পরিচালনা করছে, যা সম্প্রতি ইউজিসির নজরে এসেছে।

ইউজিসি জানায়, ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ বিশ্ববিদ্যালয়টির নামে প্রতারক চক্র কর্তৃক পরিচালিত ওয়েবসাইট পর্যালোচনা করেছে। এতে দেখা যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ভারতের কোলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও অবকাঠামোর ছবি ব্যবহার করা হয়েছে।

ভুয়া তথ্য বিভ্রান্ত হয়ে কোনও প্রকার আর্থিক লেনদেন কিংবা ভর্তি সংক্রান্ত পদক্ষেপ না নেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করছে ইউজিসি।

ইত্তেফাক/এটিএন