এনবিআর ভাঙার প্রক্রিয়া সঠিক হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

আপডেট : ১৯ মে ২০২৫, ১৫:৪৫

জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর দুই ভাগ করাটা ঠিক হয়েছে, কিন্তু যেভাবে এটা করা হয়েছে সেটি ঠিক হয়নি বলে মনে করছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

তার মতে, আলোচনা ছাড়া পেশাজীবীদের জায়গাকে সংকুচিত করে এবং অন্যান্য স্বায়ত্তশাসনের জায়গাকে আরও বেশি নিয়ন্ত্রণে রেখে যেভাবে ভাগ করা হয়েছে, এই পদ্ধতি ঠিক হয়নি। এখন এটাকে ঠিকমতো ভাগ করাটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (১৯ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘নীতি সংস্কার ও আগামীর জাতীয় বাজেট’ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি। সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সরকারের সময় চোরতন্ত্র বা লুটপাটতন্ত্রে যারা যুক্ত ছিলেন, তাদের মধ্যে জড়িত রাজনীতিবিদেরা পালিয়ে গেছেন, ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মাণ (নির্জীব) হয়ে আছে। আর আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন।

অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ কম উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমাদের সাধারণ আক্ষেপ হলো সরকারের পক্ষ থেকে অন্যান্য সংস্কারে যতখানি মনোযোগ দেওয়া হয়, অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে অতখানি মনোযোগ আমরা দেখি না। এটা একটা বড় ধরনের সমস্যা এবং ওনারা অনুধাবন করেন না। অর্থনীতিতে যদি স্বস্তি না থাকে তাহলে অন্য কোনো সংস্কার কিন্তু স্বস্তিতে থাকবে না।’

তারপরও এত কিছু অসম্পূর্ণতা বা অসংগতি থাকার পরও বাজেট কীভাবে বাস্তবায়িত হবে, সেটি চারটি বিষয়ের ওপর অনেকখানি নির্ভর করবে বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমাদের যে ঐক্য প্রক্রিয়ার আলোচনা চলছে, এর ফলাফল; নির্বাচন সম্বন্ধে একটি নির্দিষ্ট পথরেখা পাওয়া; যে বিচারের কথা বলা হচ্ছে, তা আগে হবে, না পরে হবে ইত্যাদির পাশাপাশি শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ের ওপরে নির্ভর করবে।’

ওই সংলাপে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ইত্তেফাক/এটিএন