কুমিল্লায় লিগ চ্যাম্পিয়ন মোহামেডান মাঠে নামছে আজ 

আপডেট : ২০ মে ২০২৫, ১৩:৪১

প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়ন মোহামেডান আজ চ্যাম্পিয়ন হিসেবে 'প্রথম' ম্যাচ খেলতে নামবে। কুমিল্লায় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল ৪টায় মোহামেডানের প্রতিপক্ষ রহমতগঞ্জ। রহমতগঞ্জ আজ সকালে কুমিল্লায় যাবে। 

গতকাল দুপুরেই মোহামেডান কুমিল্লায় পৌঁছায়। স্টেডিয়ামে অনুশীলন করতে গেলে সেখানে স্থানীয় মোহামেডান সমর্থকরা ড্রেসিং রুমে কেক কেটে খেলোয়াড়দের সঙ্গে চ্যাম্পিয়ন উৎসব করেন। কোচ, খেলোয়াড়দের মুখে কেক তুলে দেন সমর্থকরা। 

কথা ছিল কুমিল্লায় লিগ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হবে। বসুন্ধরা কিংসও লিগ চ্যাম্পিয়ন হয়ে লিগ শেষ হওয়ার আগেই ট্রফি তুলে নিয়েছিল। মোহামেডানকেও ট্রফি দেওয়া হবে, এমন একটা কথার চালাচালি চলছিল বাফুফে এবং মোহামেডানের মধ্যে। 

শেষ পর্যন্ত সেটি ভেস্তে যায়। সময় নেই, প্রস্তুতি নেই লিগ কমিটির। তাই কুমিল্লায় ট্রফি দেওয়া হচ্ছে না আজ। কবে দেওয়া হবে, সেটি নিশ্চিত না। শোনা যাচ্ছে শেষ ম্যাচে গাজীপুরে ট্রফি তুলে দেওয়া হতে পারে। আবার এমনও হতে পারে, বসুন্ধরা কিংসের মাঠেও ট্রফি বিতরণের অনুষ্ঠান হতে পারে।

ইত্তেফাক/জেডএইচ