মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

আপডেট : ২০ মে ২০২৫, ১৪:৩৯

মতলব দক্ষিণ উপজেলা সদরের নবকলস ওয়াপদা এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় ইকবাল হোসেন প্রধান নামে এক যুবককে ছুরিকাঘাতে ঘটনা ঘটেছে। আহত ইকবাল তলব পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন প্রধানের ছোট ভাই। এ ঘটনায় মামলা করেছেন জাকির হোসেন প্রধান। 

মঙ্গলবার (২০ মে) সকালে মামলাটি দায়ের হয়। এর আগে সোমরাত রাত পৌনে ৮টার দিকে সন্ত্রাসী হামলার শিকার হন ইকবাল হোসেন। মামলার পর  হামলায় জড়িত থাকার অভিযোগে জয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওয়াপদা এলাকায় সোমবার  রাতে জয় ও তার সহযোগীরা মাদক সেবন ও বিক্রি করছিলেন। এ সময় ইকবাল হোসেন তাদের মাদক সেবন করতে বাধা দেয়। তর্ক ও কাথাকাটাকাটির এক পর্যায় জয় ও অন্যরা ইকবালকে বুকে,পিঠে ও পেটে ছুরিকাঘাত করে। ইকবালের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে ও তার স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এরপর ইকবাল প্রধানকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় স্থানীয়রা। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

 

বিএনপি নেতা জাকির হোসেন প্রধান বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ও পূর্ব শত্রুতার জেরে আমার ভাইকে হত্যার উদ্দেশ্য হামলা করা হয়েছে। ছুরিকাঘাতে সে গুরতর আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হয়তো ঢাকায় নিয়ে  যেতে হবে। 

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন,  আহতের বড় ভাই জাকির হোসেন প্রধান বাদী হয়ে জয়সহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছে। এতে আরও  ১৫ জন অজ্ঞাত আসামি রয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে জয়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

ইত্তেফাক/এপি