সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি বাংলাদেশি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।
আল দাফরা অঞ্চলের মাদিয়ান্ত জায়েদ নতুন শিল্প এলাকায় অবস্থিত 'চিটাগাং রেস্তোরাঁ'টি বন্ধ করে দিয়েছে আবুধাবি কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ (এডিএএফএসএ)। গালফ টুডে নামের একটি আমিরাতভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের ২ নম্বর আইনের অধীন জারিকৃত বিধিমালার একাধিক ধারার লঙ্ঘনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, রেস্তোরাঁটি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল বলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
এডিএএফএসএ জানায়, খাদ্য নিয়ন্ত্রণ বিষয়ক পরিদর্শনে দেখা গেছে—রেস্তোরাঁটি বারবার খাদ্য নিরাপত্তার মৌলিক নীতিমালা ভেঙেছে এবং সতর্ক করার পরও ভুলত্রুটি সংশোধনে ব্যর্থ হয়েছে। ফলে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প ছিল না।
প্রশাসনিকভাবে বন্ধ থাকার এই আদেশ বহাল থাকবে যতদিন না রেস্তোরাঁটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্যের শর্তগুলো পূরণ করে। সংস্থাটি আরও জানিয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবুধাবি আমিরাতজুড়ে চলমান নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সব ধরনের খাদ্যপ্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য সরবরাহে বাধ্য করতে এবং গ্রাহকদের স্বাস্থ্য রক্ষায় এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছে এডিএএফএসএ। একই সঙ্গে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে, কোনো খাদ্যপণ্যের মান নিয়ে সন্দেহ হলে বা খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রত্যক্ষ করলে, দ্রুত আবুধাবি সরকারের টোল-ফ্রি নম্বর ৮০০৫৫৫-এ যোগাযোগ করে তা জানানোর জন্য।
কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের লক্ষ্য হলো—আবুধাবির প্রতিটি বাসিন্দার জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করা।

