ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে তেল আবিবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথিরা। বৃহস্পতিবার (২২ মে) এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, প্রথম ক্ষেপণাস্ত্রটির ফলে ভোর ৩টার দিকে তেল আবিবসহ মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। এর ফলে প্রায় দশ লাখ বাসিন্দা বোমা হামলার আশ্রয়স্থলে ছুটে যায়।
হামলায় সরাসরি আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রথম হামলার সময় আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার সময় এক ব্যক্তি সামান্য আহত হন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।
এরপর আজ দুপুরের কিছুক্ষণ আগে হুথিরা ইসরায়েলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। এটিও ইসরায়েলি বাহিনী প্রতিহত করেছে বলে দাবি।
দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির ফলে জেরুজালেম এলাকা, দক্ষিণ পশ্চিম তীরের জনবসতি এবং মৃত সাগরের কাছাকাছি অঞ্চলগুলোতে সাইরেন বেজে ওঠে।
প্রথম হামলার বিষয়ে হুথিরা বলেছে, তাদের বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।
চলতি মাসের শুরুতে একটি হুথি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেন গুরিওন বিমানবন্দরে পড়ে। এতে ছয় জন আহত হয়। বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাৎক্ষণিকভাবে ইসরায়েলে বিমান পরিষেবা বন্ধ করে দেয়, যদিও কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা জানিয়েছে, তারা পুনরায় কার্যক্রম শুরু করবে।
