গাজার ১৪ এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী

আপডেট : ২২ মে ২০২৫, ২০:০৮

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের ১৪টি এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার (২২ মে) ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে এই হুমকিমূলক সতর্কতা জারি করে।

আরব নিউজ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষার এক বিবৃতিতে বাসিন্দাদের বলেছে, আপনাদের এলাকায় তীব্র শক্তির সঙ্গে অভিযান চলছে।

জাতিসংঘ গাজায় প্রায় ৯০ ট্রাক ত্রাণ সংগ্রহ এবং বিতরণ শুরু করার কথা জানানোর কয়েক ঘণ্টা পরেই নেতানিয়াহুর বাহিনী এমন ঘোষণা দিল।

সহিংসতা এবং অবরোধ বন্ধের জন্য ইসরায়েল যখন বিশ্বব্যাপী চাপের মুখে, তখন ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা অস্থায়ী যুদ্ধবিরতি করবে, তবে তাদের সেনাবাহিনীর লক্ষ্য পুরো গাজাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়া।

এদিকে, আজ বৃহস্পতিবারও গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ভোর থেকে অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে।

ইত্তেফাক/এসকে