বিমানবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

আপডেট : ২২ মে ২০২৫, ২১:৪৭

পাবনার ঈশ্বরদীতে বিমানবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে ঈশ্বরদী থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২২ মে) প্রতারক গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি জানান, বিকেলে তাদের আদালতের সোপর্দ করা হয়েছে। শহরের ফতে মোহাম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিউ কলোনির আজগর হোসেনের ছেলে আল আমিন (২২), বাপ্পি আলমের ছেলে শিহাব হোসেন (২০) এবং মৃত দিলসের ছেলে মো. নাদিম হোসেন (২৯)। মোবাইল সদৃশ তিনটি ওয়াকিটকি ও বিমানবাহিনীর ভুয়া আইডি কার্ড তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারকরা ফতে মোহাম্মদপুরের বাসিন্দা ও ওয়ার্কশপ ব্যবসায়ী জাবেদ খানের দুই ছেলেকে ‘ড্রোন গার্ড’ পদে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। তারা এজন্য দশ লাখ টাকা দাবি করে। গত ২ এপ্রিল তারা জাবেদের কাছ থেকে নগদ ৬ লাখ ৪০ হাজার টাকা নেয় এবং চাকরির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে। পরবর্তীতে ‘ভেরিফিকেশন’ ও ‘মিষ্টি খাওয়ানো’র কথা বলে আরও ১ লাখ ৫০ হাজার টাকা নেয়। এরপর চাকরি প্রার্থীদের রাজশাহীতে নিয়ে গিয়ে সামান্য শারীরিক প্রশিক্ষণ দিয়ে কিছু রেশন সামগ্রী দেয়। প্রতারকরা তাদের জানায়, ১৮ মে নিয়োগপত্র দেওয়া হবে। একটি অদ্ভুত চুক্তিনামা নিয়ে তারা ২০ মে জাবেদের বাড়িতে যায়। জাবেদ খানের সন্দেহ হলে তিনি ঈশ্বরদী থানায় অভিযোগ করেন।
 
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বলেন, গোপনে তদন্ত করে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

ইত্তেফাক/এমএএস