সীতাকুণ্ডে ট্যাংকের বর্জ্য পরিষ্কারে নেমে এক শ্রমিকের মৃত্যু, আহত ৩

আপডেট : ২৩ মে ২০২৫, ১২:১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলের ডিপোতে থাকা ট্যাংকের বর্জ্য পরিষ্কার করতে নেমে পেয়ারু হাসান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় জামালের মালিকানাধীন তেলের ডিপোতে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন শ্রমিক।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত শ্রমিক মীর আহমদ (২৮), মোহাম্মদ আরিফ (২৯), মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসানকে (৩৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আহত শ্রমিক পেয়ারু হাসানের মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে বলা হয়, ‘বৃহস্পতিবার রাতে ট্যাংকের তলায় জমে থাকা বর্জ্য পরিষ্কারের জন্য ভেতরে নামেন এক শ্রমিক। ভেতরে কিছুক্ষণ কাজ করার পর অক্সিজেন-স্বল্পতার কারণে সেখানে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধারে আরও ৩ জন শ্রমিক নামলে তারাও অজ্ঞান হয়ে পড়েন। পরে ডিপো কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ে থাকা চার শ্রমিককে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, তেলের ডিপোতে শ্রমিক হতাহতের ঘটনার খবর পেয়ে রাতে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএইচপি