‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে, অনুষ্ঠানটির সঞ্চালনায় বড় ধরনের রদবদল আসতে পারে, এমন কথা শোনা যাচ্ছে। অমিতাভ বচ্চনের পরিবর্তে এবার সালমান খানকে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে, এমন গুঞ্জন রটেছে।
যদিও এই বিষয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ কর্তৃপক্ষ বা চ্যানেল থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভাইজানের অনুরাগীদের একাংশ চাচ্ছেন তিনি যেন ‘বিগ বস’-এর সঞ্চালনা ছেড়ে কেবিসি-তে আসেন। দীর্ঘদিন ধরে সালমান জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালনা করে আসছেন।
২০০০ সালে শুরু হওয়া ‘কৌন বনেগা ক্রোড়পতি’ প্রথম সিজন থেকেই সঞ্চালনা করে আসছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার অনন্য উপস্থাপন ভঙ্গি শোটিকে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
মাঝে একটি সিজনে শাহরুখ খান সঞ্চালনার দায়িত্ব পালন করলেও, সেই সিজনটি সেভাবে দর্শকপ্রিয়তা না পাওয়ায় পরবর্তীতে আবারও স্বমহিমায় ফিরে আসেন অমিতাভ বচ্চন। তারপর থেকে টানা এতগুলো সিজনে তাকেই দেখে আসছে দর্শক।

