রাজশাহীর মোহনপুরে জমিজমা বিরোধ সংক্রান্ত সালিস বৈঠক চলাকালে দেশি অস্ত্র, ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার জাহানাবাদ ইউনিয়ন পরিষদে এ সালিসের আয়োজন করা হয়েছিল। সালিস বৈঠক চলাকালে তাজা ককটেল উদ্ধারের খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন।
গ্রেপ্তার ছয়জন হলেন উপজেলার নওপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে আলিফ হোসেন (১৯), রাজশাহী নগরের নওদাপাড়া মহল্লার শাহিনুর রহমানের ছেলে সোহাগ আহমেদ (২৯), শালবাগান এলাকার বাবলার ছেলে বাপ্পি (৩০) ও পাপ্পু (২৮), মনসুর রহমানের ছেলে মিনহাজুল ওরফে সোহান (২৬) ও পবা উপজেলার শ্রীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মারুফ মোর্তুজা (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানাবাদ ইউনিয়নের কোটালিপাড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে কৃষক রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা–সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষটি নিষ্পত্তির জন্য গতকাল দুপুর ১২টার দিকে জাহানাবাদ ইউনিয়ন পরিষদের উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদসহ কয়েকজন সালিসে বসেন। এ সময় ইউনিয়ন পরিষদ কম্পাউন্ডের ভেতর দুটি মোটরসাইকেলে এসে কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। স্থানীয় লোকজন তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র ও স্কুলব্যাগে ককটেল পাওয়া যায়। তাদের ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে সেখানে পুলিশ আসে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, দেশি অস্ত্রসহ ছয়টি ককটেল পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বোম ডিস্পোজাল ইউনিট ককটেল নিরাপদে সরিয়ে নেয়। পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরণ হয়েছিল। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হবে।

শরীয়তপুরে এবার বালতিভর্তি ককটেল উদ্ধার