তুরস্ক সরকার আবারও গুলেন অনুসারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। শুক্রবার (১৭ মে) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর খবরে জানানো হয়, ফেতুল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ৬৫ জন সেনা ও পুলিশ কর্মকর্তাকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।
আটকদের মধ্যে তুরস্কের বিমান বাহিনী, স্থল বাহিনী, নৌবাহিনী ও জেন্ডারমেরির সক্রিয় সদস্য রয়েছেন ৫৬ জন। পাশাপাশি ৯ জন পুলিশ কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে। অভিযানটি ৩৬টি প্রদেশজুড়ে একসঙ্গে চালানো হয়। যার নেতৃত্বে ছিলেন ইস্তাম্বুলের আইন প্রয়োগকারী সংস্থা।
উল্লেখ্য, ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর থেকেই গুলেন আন্দোলনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে তুর্কি সরকার। যদিও আন্দোলনের অনুসারীরা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলেছে।
২০১৬ থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত গুলেন সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত ৭ লাখ ৫ হাজার মানুষকে তদন্তের আওতায় আনা হয়েছে এবং ১৩ হাজারের বেশি মানুষ এখনো কারাবন্দী। মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।
২০২৪ সালের অক্টোবরে মৃত্যুবরণ করেন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা ইসলামি চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেন। তবে প্রেসিডেন্ট এরদোয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে,তার মৃত্যুর পরও এই আন্দোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তথ্যসূত্র: ইকোনোমিক টাইমস

তুরস্কে ১৭৬ সেনাকে আটকের নির্দেশ