নেত্রকোণার পূর্বধলায় একটি কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার পাবই শেখপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিজাম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রোকেয়া খাতুন (৪২)। তাদের বাড়ি উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল আজিতের ছেলে। এছাড়া এই ঘটনায় তাদের মেয়ে সোমাইয়া গুরুতর আহত হন।
এ ঘটনায় স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানের চালক রাসেল (৩০) ও হেলপার মেহেদী হাসানকে (২২) আটক করে পুলিশে সোর্পদ করেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার দুপুরে অটোরিকশা চালক নিজাম উদ্দিন তার স্ত্রী ও কন্যাকে নিয়ে নিজের অটোতে করে তার ছেলে অলিউল্লার জন্য পাত্রী দেখতে উপজেলার ফাজিলপুর গ্রামে গিয়ে যান। ফেরার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই শেখপাড়া নামক স্থানে একটি প্রাণ কোম্পানীর কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
ওসি নূরুল আলম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দসহ কাভার্ড ভ্যানের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
