জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২৫ মে) সকালে পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার শুনানিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা হয়েছে। আজ রোববার সকালে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম জানান, এরমধ্য দিয়ে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে প্রথম কোনো মামলার চার্জ দাখিল হলো, শুরু হলো আনুষ্ঠানিক বিচার।
হাবিবুর রহমান ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন– ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আকতারুল ইসলাম ও এসি মো. ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। এর মধ্যে পলাতক চারজন।
এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় এরইমধ্যে তদন্ত শেষ হয়েছে। দু'একদিনের মধ্যে প্রসিকিউশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এ মামলায় স্থানীয় এমপি সাইফুল ইসলামসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
