মুম্বাইয়ে টমেটোর কেজি ৫০, ক্রেতারা বলছেন ‘ভয়ংকর’

আপডেট : ২৫ মে ২০২৫, ১৪:৫৫

ভারতের মুম্বাই শহরে আগাম বৃষ্টিপাতের কারণে বেড়ে গেছে সবজির দাম। বিশেষ করে টমেটোর দাম বেড়ে ৫০ রুপি কেজিতে গিয়ে ঠেকেছে। টেমোটোর এই দাম বৃদ্ধিতে ‘ভয়ংকর’ বলছেন ক্রেতারা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে মুম্বাইয়ে সবুজ শাকসবজি, মরিচ, ফুলকপি, ক্যাপসিকাম, সবুজ মটরশুটি, ফ্রেঞ্চ বিনসহ আলু ও টমেটোর দাম বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন,  মহারাষ্ট্রের চাষযোগ্য এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে টমেটোর সরবরাহ কমে গেছে। বৃষ্টির কারণে ফসল উৎপাদন ও পরিবহন—উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে বেড়ে গেজে সবজির দাম।

জানা যায়, গতকাল শনিবার এপিএমসি ভাশির পাইকারি বাজারে টমেটো প্রতি কেজি ৫০ রুপিতে বিক্রি হতে দেখা গেছে, যা কয়েক দিন আগেও ছিল ১০ থেকে ১২ রুপি কেজি।

বাজার পরিচালক শঙ্কর পিঙ্গালে বলেন, ‘প্রথমে গরম এবং তারপর অকাল বৃষ্টি। উভয়ই ধারাবাহিকভাবে আসায় বাজারে সবজির ঘাটতি তৈরি করেছে, যার ফলে সবজির দাম ২০-২৫ শতাংশ বেড়েছে। এটি একটি বার্ষিক চক্র।’

গত শুক্রবার মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সে টমেটো প্রতি কেজি ৪০ রুপি এবং নভি মুম্বাইয়ের সেভেন বাংলোতে প্রতি কেজি ৫০ রুপিতে বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া মালাড এবং মাতুঙ্গায় একটু ভালো মানের টমেটো ৬০ রুপিতে বিক্রি হতে দেখা গেছে। কয়েক আগেও একই মানের টমেটো প্রতি কেজি ২০–৩০ রুপিতে বিক্রি হতো।

আন্ধেরির সেভেন বাংলোতে সবুজ মুদি দোকানদার রবি এল সোনি বলেন, ‘টমেটোর দাম ৫০ রুপিতে পৌঁছেছে। কয়েকদির আগে টমেটোগুলো গরমে শুকিয়ে যাচ্ছিল, আর এখন বৃষ্টিপাতের ফলে আরও ক্ষতি হয়েছে। সবুজ শাকসবজির দামও বেড়েছে।

পালং শাকের আঁটি ১০ থেকে ২৫ রুপি পর্যন্ত বেড়েছে। মেথি ২০ রুপি থেকে ৪০ রুপি এবং ধনে পাতা ২০ রুটি থেকে ৫০ রুপি পর্যন্ত বেড়েছে।

মালাডের বিক্রেতা ভীম গুপ্ত বলেন, ‘অসময়ের বৃষ্টিপাতের কারণে নাসিক এবং আশেপাশের এলাকায় টমেটোর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমরা এখন কর্ণাটক থেকে টমেটো আনছি। এ জন্য টমেটোর দাম বেড়ে গেছে। সামনের দিনে পেঁয়াজের দামও বাড়তে পারে। বৃষ্টি শুরু হওয়ার পর থেকে ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ শুরু করেছেন, তাই পেঁয়াজের দামও বাড়বে।’

ইত্তেফাক/পিএস