শরীয়তপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৫ মে ২০২৫, ১৭:৪৩

শরীয়তপুরের সখিপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের থানা কমিটির সাধারণ সম্পাদক তুষার ইমরান (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৫ মে) দুপুর ২টার দিকে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার হওয়া ইমরান সখিপুরের চরসেনসাস ইউনিয়নের বাসিন্দা মাগুন বেপারী কান্দি গ্রামের রতন বেপারীর ছেলে। 

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন ইমরান। শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। খবর পেয়ে সখিপুর থানা পুলিশের একটি দল তাকে বাড়ীর সামনে থেকে গ্রেপ্তার করে। 

সখিপুর থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত তুষার ইমরান নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সখিপুর থানা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে সখিপুর থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। বিগত সময়ে দায়ের করা নাশকতা মামলায় তাকে আজ দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি