২৭ মে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব

আপডেট : ২৫ মে ২০২৫, ১৮:৫৬

মুসলমানদের প্রতি আগামী ২৭ মে (মঙ্গলবার) সন্ধ্যায় জিলহজ মাসের সূচনার এবং ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব।

রোববার (২৫ মে) গালফ নিউজ জানিয়েছে, এক বিবৃতিতে সৌদির সর্বোচ্চ আদালত ওই দিনটিতে খালি চোখে বা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখে নিকটতম আদালতে জানানোর আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে সৌদির আদালত বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত চাঁদ দেখা কমিটিতে অংশগ্রহণ করতে সক্ষম ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় যোগদান এবং অবদান রাখার জন্য উৎসাহিত করেছে।

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজ। মাসের ৮ তারিখ থেকে শুরু হয় পবিত্র হজের কার্যক্রম। আর ১০ জিলহজ উদযাপিত হয় ঈদুল আজহা।

২৭ মে জিলকদ মাসের ২৯তম দিন। যদি এ দিন সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যায়, তাহলে এ বছর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন।

গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার ভিত্তিতে ঈদুল আযহা ৬ জুন (শুক্রবার) শুরু হওয়ার কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সরকারি ছুটি ৫ জুন থেকে আরাফা দিবসের মাধ্যমে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এরপর শুক্রবার থেকে রোববার (৬-৮ জুন) পর্যন্ত ঈদুল আযহা উদযাপন করা হবে।

তবে, যদি মঙ্গলবার (২৭ মে) যিলহজ মাসের চাঁদ দেখা না যায়, তাহলে ইসলামী ঐতিহ্য এবং চন্দ্র ক্যালেন্ডার অনুসারে- যিলহজ্জ ৩০ দিন পূর্ণ করবে। এটি হলে, যিলহজ শুরু হবে ২৯ মে (বৃহস্পতিবার)। এই ক্ষেত্রে ঈদুল আযহা একদিন পরে পালিত হবে, সম্ভবত ৭ জুন।

ইত্তেফাক/এসকে