বাংলাদেশ নারী ফুটবল দল আজ সকালে জর্ডানে যাচ্ছে একটি প্রীতি টুর্নামেন্টে খেলতে। ত্রিজাতির টুর্নামেন্টে জর্ডান,বাংলাদেশ ছাড়াও খেলবে ইন্দোনেশিয়া। জর্ডানের রাজধানী আম্মানে আগামী ৩১ মে ইন্দোনেশিয়া এবং ৩ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ। এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে গ্রুপ পর্বের সি গ্রুপে মিয়ানমার, বাহারাইন, তুর্কমিনিস্তানের বিপক্ষে খেলতে হবে। কঠিন লড়াই হবে। সেই লড়াইয়ের প্রস্তুতি নিতে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ জর্ডান যাচ্ছে।
গতকাল আফঈদা খন্দকারকে অধিনায়ক করে ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ঘোষণা করেছেন দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। কিন্তু সেই দলে নেই সাফের অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, জাপানি বংশোদ্ভূত মাতসুসিমা সুমাইয়া।
কোচ জানিয়েছেন, যাদের নেওয়া হয়েছে তারা অনেক পর্যবেক্ষণের মাধ্যমে দলে জায়গা পেয়েছেন। সাবিনারা ভুটানে লিগ খেলছেন। তাদের সঙ্গে ভুটানে বিভিন্ন ক্লাবে লিগ খেলছিলেন মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রুপনা চকমা, সামসুন নাহার সিনিয়র। তাদের জাতীয় দলের অনুশীলনে ডাকা হয়েছিল, সবাই মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
ভুটানে থাকা অন্যরা অনুশীলনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি। সাবিনা ও মাসুরা অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও তাদের নেওয়া হয়নি কোচ মনে করেন সাবিনারা সেই ফিটনেস ধরে রাখতে পারেননি। আর যারা ভুটান থেকে এসেছেন তারা তুলনায় এগিয়ে আছেন। মাসুরা-সাবিনাকে না নেওয়ার কারণে সংবাদ মাধ্যমের প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে কোচ পিটার বাটলার এবং বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরনকে।
কোচ জানিয়েছেন, তিনি গত ছয় মাসের পর্যবেক্ষণ কাজে লাগিয়েছেন। সাফে বাংলাদেশ দুই বার চ্যাম্পিয়ন হয়েছে, সেটি ভুলে গিয়ে সামনের দিকে তাকাতে চান পিটার। তার কথা হচ্ছে, 'দেখো বাংলাদেশ এপর্যন্ত যত কোচ এসেছে তার মধ্যে আমি সবচেয়ে হাইপ্রোফাইল কোচ। আমি বাংলাদেশের ফুটবল নিয়ে একভাবে চিন্তা করছি। আমি এশিয়ান লেভেলে খেলতে চাই। আমাকে সাফ নিয়ে পড়ে থাকলে হবে না। কঠিন দলগুলোর সঙ্গে খেলতে হবে। উন্নতমানের দল তৈরি করতে হলে নতুন ভাবনা কাজে লাগাতে হবে।'
সাবিনা দেশের নারী ফুটবলে কিংবদন্তি। তাকে এভাবে বাদ দেওয়াটা কতটা শোভনীয়। কিরন বলেন, 'আমরা বাফুফে কখনোই প্রশ্নবাণে কোচের ওপর হস্তক্ষেপ করিনি। হোক সেটা বিদেশি কোচ কিংবা দেশি কোচ। কোচ যেটাই বলেন আমরাও সেটাই মেনে নিয়েছি। এখানে আমাদের কোনো হাত নেই।'
কোচ পিটার বাটলার জানিয়েছেন, 'একজন ফুটবলারের নেগেটিভ, পজিটিভ দিক রয়েছে। মাঠে কীভাবে ভূমিকা রাখবে, সে মাঠের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ব্যস্ত কিনা। খেলোয়াড়রা কে কীভাবে দলের জন্য অবদান রাখতে পারবেন, ট্যাকটিক্যাল ওয়ার্ক, ফাউন্ডেশন ওয়ার্ক করেছি। অনূর্ধ্ব-১৬, ১৮, ১৯, নানা বয়সের খেলোয়াড়দের নিয়ে আমরা একটা ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছি। আগামীতে এশিয়ার ফুটবল খেলতে পারবে, সেই পরিকল্পনা নিয়ে সেভাবে তৈরি করা হচ্ছে।'
সানজিদা সম্পর্কে পিটার বাটলার বলেন, 'সানজিদা গত তিন-চার মাস ধরে খেলার মধ্যে নেই। কৃষ্ণা ইনজুরিতে কাটিয়েছে। দেড় বছর খেলেননি। সুমাইয়া জাতীয় দলে খুব একটা খেলেননি। নীলা বাদ পড়েছেন ইনজুরিতে, সব আমলনামা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি।'
২৩ জনের বাংলাদেশ নারী দল
রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, আফঈদা খন্দকার, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, সুলতানা, মেঘলা রানী রায়, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, ফেরদৌসি আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মারদি।
