বন্ধ ঢাকা দক্ষিণ সিটির সব কার্যক্রম

জনগণের ভোগান্তিতে উপদেষ্টার দায় দেখছেন ইশরাক সমর্থকরা

আপডেট : ২৬ মে ২০২৫, ১৪:৫২

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ১৩ দিন ধরে চলছে ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের আন্দোলন-কর্মসূচি। টানা এই আন্দোলনের কারণে একরকম বন্ধ আছে সিটি করপোরেশনের সব ধরনের কার্যক্রম। এতে ব্যহত হচ্ছে নাগরিক সেবা।

নাগরিক সেবায় যে ধরনের ভোগান্তি তৈরি হয়েছে, যার দায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ওপর দিয়েছেন ইশরাক সমর্থকরা।

নগর ভবনের সামনে সোমবারও (২৬ মে) অবস্থান কর্মসূচি চলছে। নগর ভবন প্রাঙ্গনে অবস্থান নেওয়া ডিএসসিসিরশ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন বলেন, ‘দুই দফায় কোর্ট রায় দেওয়া স্বত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে তিনি শপথ নিতে পারছেন না। জনগণের ভোগান্তির জন্য মূলত উপদেষ্টা দায়ী।’

নগর ভবনের ফটকগুলোতে তালা ঝুলতে দেখা গেছে। ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়েছেন। বিক্ষোভ মিছিলও করেছেন তারা।

এসময় ‘দাবি মোদের একটাই মেয়র ছাড়া অফিস নাই’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রাজপথের ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

ইত্তেফাক/এটিএন