ঘুম থেকে তুলে নিয়ে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ মে ২০২৫, ১৬:৫৫

হবিগঞ্জের মাধবপুরে বিস্কুট কেনার কথা বলে ঘুম থেকে তুলে নিয়ে ব্যবসায়ী জিলু রহমানকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবেশী। রোববার (২৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ধর্মনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জিলু রহমান  কালিকাপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রোববার রাতে জিলন খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে বিস্কুট কেনার কথা বলে প্রতিবেশী মৃত ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া তাকে ঘুম থেকে ডেকে তুলে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ির একদল পুলিশ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকা ঘাতক জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে। কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে একটি মামলায় আদালতে সাক্ষ্য দেন জিলন। এরপর থেকেই জিলু রহমানের উপর ক্ষিপ্ত ছিলেন জাহাঙ্গীর।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ঘাতক জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী সাহেদা বেগম বাদী হয়ে জাহাঙ্গীরকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/এএইচপি