বাংলাদেশের পেসারদের ‘সমীহ’ করছে পাকিস্তান

আপডেট : ২৭ মে ২০২৫, ১৬:১১

একটা সময় বাংলাদেশ দলের শক্তির জায়গা ছিল স্পিন বোলিং। বাঁহাতি স্পিনারের স্বর্গভূমি হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ। সেই জায়গাটা এখন দখলে নিয়েছেন টাইগার পেসাররা। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিম সাকিবরা যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।

আসন্ন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন মোস্তাফিজ ও তাসকিন। তারা না থাকলেও বাংলাদেশের পেস বোলিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন পাকিস্তানের কোচ মাইক হেসন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। মঙ্গলবার (২৭ মে) ম্যাচে আগের দিন সংবাদ সম্মেলনে আসেন মাইক হেসন। এ সময় বাংলাদেশের পেসারদের নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এই কন্ডিশনে সবসময়ই চ্যালেঞ্জিং। অনেকবার বাংলাদেশে গিয়েছি আমি। সেখানেও বেশ চ্যালেঞ্জিং দল তারা। তাদের পেসাররা অনেক উন্নতি করেছে। ভালো পেসার রয়েছে তাদের, যারা কিনা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে যেকোনো দলকে। স্পিনের ওপর অত বেশি নির্ভর করতে হয় না এখন আর। এখন ব্যাটিং ডেপথও আছে অনেক। অনেকেই আছে ভালো। কাউকে হালকাভাবে নিতে চাই না আমরা সবাইকে নিয়েই ভাবছি।’   

পাকিস্তানের কোচ আরও বলেন, ‘৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তারা (বাংলাদেশ)। দল হিসেবে তারা এমন অবস্থায় রয়েছে, তারা জানে কীভাবে খেলতে চায়। আমার মনে হয় না পাকিস্তান দল বাংলাদেশকে হালকাভাবে নিবে। আমরা সেভাবেই প্রস্তুতি নেব যেভাবে নিতে হবে আমাদেরকে। পিএসএল শেষে দল হিসেবে খেলা হয়নি আমাদের। তবে শুরুটা করতে মুখিয়ে আছি আমরা।’

আগামী ২৮ মে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচে মাঠে নামবে এই দু'দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

ইত্তেফাক/জেডএইচ