চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশইন করলো বিএসএফ   

আপডেট : ২৭ মে ২০২৫, ২১:৪২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিভীষণ সীমান্ত দিয়ে শিশুসহ ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। বিজিবি তাদেরকে আটকের পর গোমস্তাপুর থানায় সোপর্দ করেছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার (২৭ মে) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্তের ২১৯/৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। 

আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তারা কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে বিভীষণ সীমান্তের ২১৯/৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা থেকে বিজিবির একটি টহলদল তাদের আটক করে।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন থেকে ভারতীয় অভ্যন্তরে বসবাস করে আসছিলেন। ১৭ মে ভারতীয় পুলিশ তাদেরকে হরিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনযোগে হাওড়া জেলায় নিয়ে আসে। ২৪ মে হাওড়া থেকে বাসে করে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ ইটাভাটা ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তারা ওই সীমান্ত দিয়ে তাদের পুশইন করে। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দীন জানান, বিএসএফ কর্তৃক পুশইন হওয়া ১৭ জনকে আটক করে বিজিবি। পরে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। এখন থানা হেফাজতে রয়েছে। 

এদিকে, বিকালে রোকনপুর কোম্পানি ও ৮৮ ইটাভাটা বিএসএফ কোস্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এএইচপি