বাংলাদেশে পদ্ধতিগত সংস্কারের মধ্যে মানবাধিকার নিশ্চিতে গুরুত্বপূর্ণ আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (২৭ মে) সংস্থাটির আঞ্চলিক গবেষক রিহ্যাব মাহমুর এক বিবৃতিতে এ আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ তার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে অবস্থান করছে। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর গত আট মাসের বেশি সময় ধরে একটি নতুন ভবিষ্যতের দিকে পথ তৈরি করতে শুরু করেছে। এ পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে দৃঢ় তদারকি ও জবাবদিহি বাড়াতে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) সংস্কার করতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মান ও আইনের শাসন মেনে মানবাধিকার রক্ষায় পর্যবেক্ষণ সংস্থা হিসেবে এনএইচআরসির ঐতিহাসিকভাবে ত্রুটি আছে। এ ব্যর্থতার জন্য গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউট একে টানা তিনবার ‘বি’ রেটিং দেয়।
গত দশকে এনএইচসিআর যদি আন্তর্জাতিক মান মেনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করত, তাহলে গুম ও নিখোঁজ ব্যক্তিদের মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারের একটি সুযোগ থাকতে পারত। এর পরিবর্তে সংস্থাটি অকার্যকর থেকেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার তিন মাস পর ২০২৪ সালের নভেম্বরে এর কমিশনারদের পদত্যাগের পর এনএইচআরসির পদগুলো বর্তমানে শূন্য রয়েছে। এখন শুধু নতুন কমিশনার নিয়োগই যথেষ্ট হবে না, তারা প্রাতিষ্ঠানিক দায়িত্ব স্বাধীন ও কার্যকরভাবে পালন করতে পারছে কি না, তাও নিশ্চিত করতে হবে।
