হেলমেট ছাড়া বাইক চালানোর ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সোনু সুদ

আপডেট : ২৮ মে ২০২৫, ১৫:৫৫

বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ আইনের ব্যাপারে বরাবরই সতর্ক থাকেন। কিন্তু এবার তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে যা ভক্তদের অবাক করে দিয়েছে। ভিডিওতে তাকে শার্ট ও হেলমেট ছাড়া অবস্থায় স্পিতি উপত্যকায় বাইক চালাতে দেখা যায়।

তার পিছনে রয়েছেন আরও অনেক বাইকার, যারা হেলমেট পরে রয়েছেন। ইতোমধ্যেই এই ঘটনায় অভিনেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সোনু সুদ যদি নিয়ম ভঙ্গ করে থাকেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোনু সুদ। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার এই ঘটনায় মুখ খুলেছেন সোনু। সোনু ভিডিওটি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‌‘নিরাপত্তা সবার আগে। আমরা সবসময় আইন মেনে চলি। হেলমেট ছাড়া একটি পুরোনো ক্লিপ ভাইরাল হচ্ছে।’

সোনু বলেন, ‘এটি আমাদের শুটিংয়ের একটি পার্ট, তাই দয়া করে বিষয়টি এড়িয়ে চলুন। নিরাপদে গাড়ি চালান সবসময় হেলমেট পরবেন নিরাপত্তা সবার আগে।’

সোনু সুদ। ছবি: সংগৃহীত

এই ঘটনায় লাহুল স্পিতির পুলিশ সুপার (এসপি) ইলমা আফরোজ একটি বিবৃতি জারি করে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বলিউড অভিনেতাকে ট্রাফিক আইন লঙ্ঘন করতে দেখা যাচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভিডিওটি ২০২৩ সালের বলে মনে করা হচ্ছে। তদন্তের দায়িত্ব ইতোমধ্যেই কৈলাংয়ের ডিএসপি হেডকোয়ার্টার্সের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এসএ