ইশরাককে মেয়র করার দাবিতে অবস্থান কর্মসূচি চলছে

আপডেট : ২৮ মে ২০২৫, ১৬:২১

বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বুধবারও (২৮ মে) নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। বেলা সাড়ে ১১টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে‘ঢাকাবাসী’ ব্যানারে। এই নিয়ে টানা ১৫ দিনের মতো কার্যত অচল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

কর্মসূচিতে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি করপোরেশনের কর্মচারীরাও যুক্ত আছেন। আন্দোলনকারী ব্যক্তিরা নগর ভবনের সামনের খোলা চত্বরজুড়ে অবস্থান নিয়ে মিছিল ও স্লোগান দিচ্ছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, ইশরাক হোসেনকে দায়িত্ব না দিয়ে শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে। যতই টালবাহানা করা হোক না কেন, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তারা থামবেন না। কর্মসূচির সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীরা যুক্ত হওয়ায় নগর ভবন থেকে সব ধরনের সেবা বন্ধ হয়ে গেছে।

এই আন্দোলন শুরু হয়েছিল ১৪ মে। ‘ঢাকাবাসী’ ব্যানারে সংগঠিত হয়ে আন্দোলনে নামেন সিটি করপোরেশনের কর্মচারী, ইশরাকের সমর্থকসহ বিএনপির নেতা-কর্মীরা। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আবার কর্মসূচি চলছে।

ইত্তেফাক/এটিএন