আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় ঢুকতে দিন, ইসরায়েলের প্রতি মরগানের আহ্বান

আপডেট : ২৮ মে ২০২৫, ১৬:৫৭

গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান।

বুধবার (২৮ মে) আরব মিডিয়া সামিটে তিনি বলেন, গাজায় কী ঘটছে সে সম্পর্কে তথ্য পাওয়া সাংবাদিকদের জন্য খুবই কঠিন, কারণ ইসরায়েল মিডিয়া সংস্থাগুলোতে প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে।

ইসরায়েলের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের ভেতরে ঢুকতে দিন, তারপর আমরা খুঁজে বের করতে পারব যে, ইসরায়েল যা বলছে তা সঠিক কি না। তারা যে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না, তা খুবই স্পষ্ট।

২০২৩ সালের অক্টোবরে যখন ইসরায়েল গাজায় হামলা শুরু করে, তখন মরগান মিশরীয় কৌতুকাভিনেতা বাসেম ইউসুফের সাক্ষাৎকার নেন। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, 'ইউসুফ আমাকে ৭৫ বছরের সংঘাতের উপর একটি সম্পূর্ণ ইতিহাসের পাঠ শিখিয়েছিলেন। ইসরায়েলপন্থী হওয়ার জন্য আরব বিশ্ব আমাকে সমালোচিত করেছে। কিন্তু বিশ্বের অন্য যে কোনো অনুষ্ঠানের তুলনায় আমার কাছে সবসময়ই বেশি ফিলিস্তিন-সমর্থক অতিথি ছিল এবং আমি ইচ্ছাকৃতভাবে তা করেছি।'

ইউসুফের সাথে তার সেই সাক্ষাৎকারটি ভাইরাল হয়ে যায়, ২ কোটি ৩০ লাখেরও বেশি ভিউ হয়। মরগান বলেন, ইউসুফের সাথে সাক্ষাৎকারের পর তার ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে প্রাথমিক ধারণা এবং দৃষ্টিভঙ্গি বদলে যায়।

এই ব্রিটিশ সাংবাদিক আরও বলেন, আমার মূল দৃষ্টিভঙ্গি ছিল ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার মৌলিক অধিকার এবং কর্তব্য ছিল। কিন্তু শুরু থেকেই আমার প্রশ্ন ছিল, 'আনুপাতিক প্রতিক্রিয়া কী?' সাম্প্রতিক মাসগুলোতে যা ঘটছে, বিশেষ করে অবরোধ এবং বোমাবর্ষণের পর থেকে, আমার কাছে তা সীমা অতিক্রম করেছে।

পিয়ার্স মরগান আরও বলেন, আমার অবস্থান বিকশিত হয়েছে এবং পরিবর্তিত হয়েছে। শুরুতে আমি যে প্রাথমিক অবস্থান নিয়েছিলাম, তার প্রতি আমি খুব বেশি রক্ষণাত্মক নই। আমি সর্বদা দৃঢ় এবং ন্যায্য থাকার চেষ্টা করি এবং উভয় পক্ষকে সমাধানের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করি।

'এইসব গল্পের কোনটিতেই পক্ষ নেওয়া আমার কাজ নয়। আমার কাজ হল একজন সাংবাদিক হওয়া এবং সকলকে জবাবদিহি করা এবং সত্যের কাছে পৌঁছানো ও তথ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা।'

ইত্তেফাক/এসকে