স্পেনে অভিবাসীবাহী নৌকা ডুবে ৭ জনের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২৫, ২০:৫৬

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে শরণার্থী ও অভিবাসীবাহী একটি ছোট নৌকা বন্দরের কাছাকাছি পৌঁছানোর সময় ডুবে গেলে অন্তত সাত জন প্রাণ হারান। নিহতদের মধ্যে রয়েছেন চারজন নারী, এক কিশোরী এবং দুজন ছোট মেয়ে।

স্থানীয় সংবাদমাধ্যম এবং রেড ক্রস জানিয়েছে, নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটে এল হিয়েরো দ্বীপের একটি ডকের কাছে, যখন স্প্যানিশ উদ্ধারকারীরা যাত্রীদের সরিয়ে নিতে শুরু করে। এ সময় হঠাৎ যাত্রীদের হুড়োহুড়ি করে নামার চেষ্টার ফলে নৌকাটি উল্টে যায় এবং অনেক যাত্রী সাগরে পড়ে যান।

স্পেনের সামুদ্রিক উদ্ধার পরিষেবা জানিয়েছে, নৌকাটি প্রথম দেখা যায় তীর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। পরে উদ্ধারকারীরা ও রেড ক্রস সদস্যরা যৌথভাবে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে নামে। একটি হেলিকপ্টার মারাত্মক অবস্থায় থাকা আরও দুই শিশুকে (একটি ছেলে ও একটি মেয়ে) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। বর্তমানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। 

স্পেনে শরণার্থী বাহী নৌকা ডুবে ৭ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত

আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত স্প্যানিশ এই দ্বীপপুঞ্জ দীর্ঘদিন ধরে ইউরোপে পাড়ি জমাতে চাওয়া শরণার্থী ও অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ খোলা সমুদ্র পাড়ি দিতে ডিঙ্গি ও রাবার নৌকার মতো দুর্ঘটনাবহুল যানবাহন ব্যবহার করে থাকেন।

আটলান্টিক মহাসাগর হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ২০২৩ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে প্রায় ৪৭,০০০ অভিবাসন প্রত্যাশী পৌঁছেছেন। তাদের বেশিরভাগই ছিলেন মালি, সেনেগাল, মরক্কো ও মৌরিতানিয়া উপকূল থেকে আগত। তথ্যসূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএস