উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে বরিশালে টানা বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ফলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বরিশাল নদী বন্দরে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ বরিশাল নদীর বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) শেখ মোহাম্মদ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিম্নচাপের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বরিশাল নদী বন্দরে। এতে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হলেও, ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আবহাওয়া পরিস্থিতি বুঝে ঢাকা-বরিশাল রুটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে, গতকাল বুধবার রাত থেকে বরিশালে থেমে থেমে মুষলধারে ও হালকা বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়াও। হাওয়ার গতিবেগ সর্বনিম্ন ১০ কিলোমিটার ও সর্বোচ্চ ১৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, টানা বৃষ্টিতে স্কুল ও অফিসগামী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোলা, মেহেন্দীগঞ্জ, হিজলা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার যাত্রীরা বিপাকে পড়েছেন।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলীর তাজুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে বিভাগের গুরুত্বপূর্ণ নদীর ১২টি পয়েন্টের মধ্যে ৬টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, সকাল ৯টার তথ্য অনুযায়ী বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি এখনো বিপদসীমার ৫৯ সেন্টিমিটার নিচে রয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
