এশিয়ান কাপ ফুটবলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে বেশ আগ্রহী দেশের ফুটবলপ্রেমীরা। এর মাঝে আরও একটি টুর্নামেন্টে সিঙ্গাপুরের গ্রুপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের বাকী দুই প্রতিপক্ষে ইয়েমেন ও ভিয়েতনাম।
বৃহস্পতিবার (২৯ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বাছাইপর্বের ড্র। সেখানে এশিয়ার ৪৪টি দলকে ভাগ করা হয় ১১টি গ্রুপে। ১১ গ্রপের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর ১১ গ্রুপের সেরা চার রানার্সআপও পাবে মূল পর্বের টিকিট।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হবে বাছাইপর্বের খেলা। আর সৌদি আরবে চূড়ান্ত পর্ব হবে আগামী বছরের জানুয়ারিতে। স্বাগতিক হিসেবে মূল পর্বে সরাসরি খেলবে সৌদি আরব। বাছাইপর্ব থেকে আরও ১৫টি দল উত্তীর্ণ হয়ে মোট ১৬ দলে অনুষ্ঠিত হবে এই আসর।
