আধিপত্যবাদী নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে: উত্তর কোরিয়া

আপডেট : ৩০ মে ২০২৫, ১৬:০০

একতরফা ও সামরিক আধিপত্যবাদী নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া।

শুক্রবার (৩০ মে) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মস্কোতে অনুষ্ঠিত নিরাপত্তা কর্মকর্তাদের এক উচ্চ পর্যায়ের সভায় বক্তৃতাকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তামন্ত্রী রি চ্যাং-ডে বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার বিরুদ্ধে নিজস্ব ক্ষমতা এবং স্বার্থ অনুসরণ করছে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, মর্যাদা এবং জনগণের কল্যাণের জন্য হুমকিস্বরূপ যে কোনো শত্রুতাপূর্ণ কাজ আমরা সামান্যতমও সহ্য করব না। তবে ন্যায্য সংগ্রাম এবং শক্তিশালী শক্তির মাধ্যমে এর জবাব দেব।

সম্প্রতি মস্কোয় আয়োজিত নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধিদের ১৩তম আন্তর্জাতিক সভাটিতে ১০০টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ১২০টি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

উত্তর কোরিয়ার নিরাপত্তামন্ত্রী বলেন, বিশ্বের নিরাপত্তা পরিবেশ মারাত্মকভাবে ধ্বংস হচ্ছে এবং বিশ্বের প্রতিটি কোণে সংঘর্ষ ও সংঘাতের একটি দুষ্ট চক্র অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসকে