বন্যার পানি কমলেও গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বাড়ি-ঘর নদী গর্ভে

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১১:৪২

বন্যার পানি কমলেও গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে গত সাত দিনে ২৫ পরিবারের ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিনের অব্যাহত ভারি বর্ষণ ও উজানী ঢলে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ ও বাগেরহাট এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত ৭ দিনের ব্যবধানে শংকরদহ ও বাগেরহাট  গ্রামের আমিনুর, ছলিমুদ্দিন, মমিনুর, তফলউদ্দিন, বাবু, বলিআমিন, সেরাজুল, মজিদ, আলেপ, ছফদ্দি, আজিরুল, কপিল, গনি, নয়া কাদের, সমর, আতি, মাহমুদ, মোক্তার ও মকবুলের বাড়িঘরসহ আরো কয়েকজনের বাড়িঘর তিস্তায় বিলীন হয়েছে। অনেকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। ভাঙন হুমকির মুখে রয়েছে আরো কিছু পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায় , লোকজনের মাঝে ভাঙন আতংক বিরাজ করছে।

আরও পড়ুন: বকশীগঞ্জে বন্যা প্লাবিত এলাকায় সাপের উপদ্রপ

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোন্নাফ বলেন, তিস্তা  নদীর পানি এসে সরাসরি শংকরদহ গ্রামে আঘাত করছে। ফলে এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ২০ পরিবারের বাড়িঘর ভেঙে নদী গর্ভে বিলীন হয়েছে।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, তিস্তার ভাঙনে বাঁধ আবাদি জমিসহ ২৫ পরিবারের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। লোকজন বর্তমানে উচু জায়গায় অবস্থান করছেন।

ইত্তেফাক/এমআরএম