বিশ্বের শীর্ষ ধনী এবং নিজের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৩০ মে) রাতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশ শেষে হোয়াইট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তিনি (ইলন মাস্ক) একজন চমৎকার মানুষ। আমি ইলনকে একজন অসাধারণ ব্যক্তি বলেই মনে করি এবং তাকে নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। আমার মতে তিনি দারুণ একজন ব্যক্তি।’
এর আগে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক অতীতে যে পরিমাণে মাদক ব্যবহার করতেন বলে জানা গিয়েছিল, বাস্তবে তা ছিল আরও বেশি। বিশেষ করে ২০২৪ সালে ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ে প্রভাবশালী হয়ে ওঠার সময় মাস্ক উল্লেখযোগ্য মাত্রায় মাদক গ্রহণ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে মাস্ক নিজেও ওভাল অফিসে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। এ নিয়ে প্রশ্ন করার সময় মাস্ক সংশ্লিষ্ট সাংবাদিককে থামিয়ে দেন এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর মাস্ক বিষয়টি এড়িয়ে যেতে বলেন, ‘এসব বাদ দিন, পরের বিষয়ে কথা বলুন।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ে প্রভাবশালী হয়ে ওঠার সময় মাস্ক পূর্বে জানা তথ্যের তুলনায় অনেক বেশি মাত্রায় মাদক ব্যবহার করেছেন। এ বিষয়ে অবগত আছেন—এমন ব্যক্তিদের বরাতে নিউইয়র্ক টাইমস তাঁর মাদক গ্রহণ করার বিষয়ে এ প্রতিবেদন প্রকাশ করে।
তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করে বলা হয়েছে, চলতি বছর হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের অংশ থাকার সময় মাস্ক মাদক ব্যবহার করছিলেন কি না—তা স্পষ্ট নয়।
মাস্কের প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সিএনএন। মাদক ব্যবহারের বিষয়ে জানতে নিউইয়র্ক টাইমস থেকে মাস্ক ও তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা কেউই কোনো মন্তব্য করেননি।
