সারিয়াকান্দিতে যমুনায় কমলেও বৃদ্ধি পাচ্ছে বাঙালি নদীর পানি

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৪:৩৬

সারিয়াকান্দিতে যমুনার পানি কমলেও বাঙালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তে উপড়ে ফেলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। হুমকির মধ্যে পড়েছে জোড়গাছা - সারিয়াকান্দি সড়কের উপর নির্মিত সাড়ে ৩শ ফুট গার্ডার ব্রিজ। ব্রিজের পশ্চিম ধারের সংযোগ সড়ক ধসে গেছে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ধসে যাওয়া স্থানে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে সেখানে জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার  ২৪ ঘণ্টায় যমুনার পানি ২৭ সেন্টিমিটার কমে এখনও বিপৎসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । যমুনা নদীর পানি কমলেও বাঙালি নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে । বাঙালি নদীতে আরো ২৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

আরও পড়ুন: সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

বাঙালি নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকা,সারিয়াকান্দি সদর,নারচী,ফুলবাড়ী,কুতুবপুর এবং ভেলাবাড়ী ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফলে উপজেলার সোয়া লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন
 
উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, বন্যা কবলিত এলাকায় ৮০ হাজার গরু, সাড়ে ৪শ মহিষ, ৪০হাজার ছাগল, ২০ হাজার ভেড়া পানি বন্দি রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাঙালি নদীর পানি বৃদ্ধির কারণে নতুন করে আরো সাড়ে ৬শ’ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।ফলে,আউশ, রোপা আমন, বীজতলা, পাট, সবজি ক্ষেতসহ  ৭হাজার ৮শ ৬৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে । এতে সাড়ে ২৯ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ।
 
ইত্তেফাক/এমআরএম