কুমিল্লায় ডা. তাহের

নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক জামায়াতের আপত্তি থাকবে না  

আপডেট : ৩১ মে ২০২৫, ২০:২০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক জামায়াতের আপত্তি থাকবে না।

শনিবার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে নোয়াবাজার এলাকার একটি হোটেলের মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ। নির্বাচন ডিসেম্বরে হলে জামায়াতের কোনো আপত্তি নাই। তবে তার আগে যদি মৌলিক সংস্কার শেষ হয়। কিন্তু সংস্কার শেষ হতে যদি আরও দুই মাস বেশি লাগে, তাহলে ডিসেম্বরের ওপর জেদ ধরে পরিস্থিতি ঘোলাটে করার মানে হয় না।

নির্বাচন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, আমরা দুইটি বিষয়ে রোডম্যাপ চেয়েছি, একটি নির্বাচনের, আরেকটি সংস্কারের। এটা আপনার মতো করেই ঘোষণা করুন। এক মাস বা দুই মাসের পার্থক্য এদেশের জনগণ মেনে নেবে। তবে ঘোষণাটা অত্যন্ত প্রয়োজন, কারণ আস্থার সংকট দেখা দিয়েছে। রোডম্যাপ ঘোষণা করলে এ আস্থার সংকট কমে যাবে। 

সকল রাজনৈতিক দল ও নেতাদের আরেকটু সহনশীল হয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আমাদের ধৈর্য্যের প্রয়োজন, ত্যাগী মনোভাবের প্রয়োজন। এখানে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ এবং জনগণের স্বার্থ বড় হউক। আজকের এই বাংলাদেশে এটাই রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রধান স্লোগান হতে হবে। 

ইত্তেফাক/এমএএস