লাউয়াছড়া বনের সড়কে গাছ ফেলে ডাকাতি, আহত ২০

আপডেট : ০১ জুন ২০২৫, ১৮:২১

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের বাগড়াবাড়ি নামক এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা খবর পাওয়া গেছে। গত শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯ টায় ডাকাতির এ ঘটনাটি ঘটে। ডাকাতদের হামলায় ২০ জন যানবাহন চালক ও যাত্রী রক্তাক্ত জখম হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাউয়াছড়া বনের ভিতরের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ী স্থানে সড়কে গাছ ফেলে ডাকাত দল প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পনের থেকে বিশজনের মুখোশপরা ডাকাতদল প্রায় ২০ থেকে ২৫টি সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে। এ সময় গাড়ি চালকও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নেয়। 

ডাকাতদের হামলায় আহত হয়েছেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ অন্তত ২০ জন।

ঘটনার খবর পেয়ে রাত ১০টায় কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে ফেললে আটকা পড়া যানবাহন নিজ নিজ গন্তব্য পৌঁছে দিতে সহায়তা করে।

ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া ও অপু দাস বলেন, আমরা প্রাইভেট কারে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাগড়াবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ি। ডাকাতরা ধারালো দা ধরে জিম্মি করে তাঁদের কাছ থেকে নগদ টাকা লুটে নিয়ে গেছে। 

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের বাসিন্দা পল্লী বিদ্যুৎ কর্মী অমরজিত পাল ঝন্টু জানান, তার কাছ থেকে ডাকাতদল অস্ত্রের মুখে নগদ ৪৫ হাজার, আড়াই ভরি স্বর্ণ, ২টি মোবাইল ফোন লুট করে নেয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কামরুজ্জামান বলেন, আমাদের এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন এর মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান।

ইত্তেফাক/এএইচপি