এফডিসিতে হামলাকারী সেই যুবক আটক, কর্তৃপক্ষের মামলা

আপডেট : ০১ জুন ২০২৫, ২০:২২

রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) প্রবেশ করে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানিক মিয়া নামের হামলাকারী যুবককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

শনিবার (৩১ মে) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আটকের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এফডিসিতে হামলার অভিযোগে এফডিসির লোকজনের সহায়তায় মানিক নামের ওই যুবককে আটক করে থানায় আনা হয়।

এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করেছে। এ মামলায় রোববার তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশের অন্য একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানিক নামের ওই যুবকটি মাদকাসক্ত। কি কারণে সে চাপাতি হাতে কেপিআইভুক্ত এলাকায় ঢুকে এ ধরনের কর্মকাণ্ড করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে চাপাতি হাতে ওই যুবক এফডিসিতে প্রবেশ করে। এসময়  এফডিসির প্রশাসনিক ভবনে প্রবেশ করে সেখানকার বেশকিছু গ্লাস ভাঙচুর করে ওই যুবক।

এসময় উপস্থিত লোকজন পুলিশে খবর দিলে শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানিক নামের ওই যুবককে আটক করে।

এ ঘটনার পর এফডিসিজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

ইত্তেফাক/এসএ