বাড়তে পারে সিগারেটের দাম

আপডেট : ০২ জুন ২০২৫, ১০:১৭

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার এই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।

প্রতিবারের মতো এবারও বাজেটে কিছু পণ্যের ওপর কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যার ফলে সেগুলোর দাম বাড়তে পারে। অন্যদিকে, কিছু খাতে করছাড় ও ভর্তুকির ফলে কিছু পণ্যের দাম কমে আসার সম্ভাবনাও রয়েছে।

তবে এবারের বাজেটে সিগারেটের দাম আরেক দফা বাড়ার আশঙ্কা রয়েছে।

গত জানুয়ারিতে সিগারেটের চারটি স্তরে দাম ও শুল্ক দুটোই বাড়ানো হয়েছিল। আদেশে নিম্ন, মধ্যম ও উচ্চ স্তরে ১০ শলাকা প্রতি সিগারেটে সম্পূরক শুল্ক ৫ থেকে ৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। ফলে প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে তামাক শিল্পে ব্যবহৃত সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব আসছে বাজেটে। সেক্ষেত্রে আরেক দফায় দামে প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, বাংলাদেশে ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক (ধূমপান ও ধোঁয়াবিহীন) ব্যবহার করেন, বছরে ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ তামাক ব্যবহারজনিত রোগে মৃত্যুবরণ করে। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির (চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারানো) পরিমাণ ছিল ৩০ হাজার ৫৬০ কোটি টাকা।

 

ইত্তেফাক/আরআর