দিনের শুরুতে আচমকা ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার হেনরিখ ক্লাসেন। সোমবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ ঘোষণা দেন প্রোটিয়া এই ব্যাটার।
২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ক্লাসেন। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দিলেন ৩৩ বছর বয়সী প্রোটিয়া এই উইকেটরক্ষক ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণায় দিয়ে এক ক্লাসেন বলেন, ‘আজ আমার জন্য একটি দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত কী হবে, তা নির্ধারণ করতে অনেক সময় নিয়েছি। এটি একটি সত্যিই কঠিন সিদ্ধান্ত ছিল, তবে আমি এই সিদ্ধান্তে পুরোপুরি শান্তি অনুভব করছি।’
তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকেই, এটি ছিল আমার দেশের প্রতিনিধিত্ব করার সবচেয়ে বড় সম্মান এবং এটি ছিল সেই সবকিছুর প্রতিফলন যা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম। আমি অনেক দারুণ বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি করেছি যেগুলো আমি সারাজীবন মনে রাখবো। প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ আমাকে এমন কিছু অসাধারণ মানুষের সঙ্গে পরিচিত করিয়েছে যারা আমার জীবন বদলে দিয়েছে, এবং তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। প্রোটিয়াস জার্সি পরার পথটা আমার জন্য একটু ভিন্ন ছিল, এবং কিছু কোচ ছিলেন যারা আমার ওপর সবসময় বিশ্বাস রেখেছেন— আমি তাদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ টেস্টে খেলে ১০৪ রান করেছেন হেনরিখ ক্লাসেন। এছাড়া ৬০ ওয়ানডেতে করেছেন ২ হাজার ১৪১ রান। আর ৫৮ টি-টোয়েন্টিতে করেছেন মোট ১ হাজার রান। ওয়ানডেতে ৪টি সেঞ্চুরি রয়েছে ক্লাসেনের।
