প্রস্তাবিত বাজেটে ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

আপডেট : ০২ জুন ২০২৫, ১৮:২৫

দেশের ৫৪তম বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এটি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা ঘোষণা করা হয়েছে বেতার-টেলিভিশনের মাধ্যমে।

এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। সোমবার (২ জুন) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।

বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, পরিচালন ও অন্যান্য খাতে ব্যয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এ ঘাটতির ১ লাখ ২৫ হাজার কোটি টাকা আসবে অভ্যন্তরীণ উৎস থেকে, এবং ১ লাখ ১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে বৈদেশিক উৎস থেকে।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা সংগ্রহ করবে বলে প্রস্তাব করা হয়েছে। বাকি ৬৫ হাজার কোটি টাকা আসবে অন্যান্য উৎস থেকে।

সরকারি ব্যয়ের খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৯৭ হাজার কোটি টাকা। সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২২ হাজার কোটি টাকা। বিদ্যুৎ ও সার খাতে ভর্তুকির জন্য বরাদ্দ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা।

ইত্তেফাক/এটিএন