রংপুরের তারাগঞ্জে গুগল ম্যাপে দেখানো পথ ধরে ঘুরতে গিয়ে ভুল পথে ছিনতাইকারীর কবলে পড়েছে এক ইরানি দম্পতি। এসময় মারধরের পর তাদের পাসপোর্ট, ডলার ও ঘড়িসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাসদস্যরা। পরে সব জিনিসপত্র উদ্ধারের পর তাদের হোটেলে পৌঁছে দেওয়া হয়।
সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা ও তারাগঞ্জ থানা পুলিশ।
রংপুর সেনানিবাসের তারাগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ গনিরামপুর এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছায়। তারা দেখতে পান, স্থানীয় লোকজন দুই বিদেশি নাগরিককে মারধর করছে। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) বাংলাদেশে বেড়াতে এসে একটি প্রাইভেটকার ভাড়া করে নিজেরাই গাড়ি চালিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। গুগল ম্যাপ অনুসরণ করে যাওয়ার সময় তারা রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে ভুলবশত ঢুকে পড়েন। সেখানে তারা স্থানীয়দের কাছে সাহায্য চাইলে কয়েকজন দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে ডলার, মোবাইল ফোন, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
খবরটি তারাগঞ্জ সেনা ক্যাম্পে পৌঁছালে ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইরানি দম্পতিকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটকের পর ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়।
পরে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং সেখান থেকে নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়।
ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা এবং ইয়াজদানজো ইয়াসমিন জানান, ঢাকা থেকে রংপুরে বেড়াতে এসেছিলেন। গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করার সময় ভুলবশত ওই এলাকায় ঢুকে পড়েন। বিদেশি হওয়ায় সাহায্যের আশায় কয়েকজনের কাছে গেলে তারা উল্টো মারধর শুরু করে। এক পর্যায়ে তাদের ৫০০ ডলার, মোবাইল, একটি ঘড়ি এবং পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনকে সেনাবাহিনী পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারদের আদালতে চালান করা হয়েছে।
