ইসরায়েলের সঙ্গে ৩২৫ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করলো স্পেন

আপডেট : ০৩ জুন ২০২৫, ২১:২৫

ইসরাইলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের সঙ্গে ৩২৫ মিলিয়ন ডলারের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে স্পেন। মঙ্গলবার (৩ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম আরা এই তথ্য জানায়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরাইল সংঘাত শুরুর মাত্র চারদিন আগে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি ও ইসরায়েলের গাজায় সামরিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় স্পেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করেছে। যদিও ইসরাইলি কোম্পানি রাফায়েল জানিয়েছে, তারা এখনো চুক্তি বাতিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: সংগৃহীত

এর আগে ২০২৪ সালের এপ্রিলেও স্পেন ইসরায়েল থেকে ১৫ মিলিয়ন ডলারের গুলি কেনার আরেকটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করে। স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্টভাবে জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সহযোগিতামূলক চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবেন। সেই সঙ্গে দখলদার শক্তির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে অন্যান্য মিত্র দেশগুলোকেও আহ্বান জানান।

চলতি বছরের মে মাসেই স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেন। স্পেনের এসব পদক্ষেপ দেশটির পররাষ্ট্রনীতিতে একটি শক্ত বার্তা বহন করে, যা ইসরায়েল-ফিলিস্তিন সংকটে স্পেনের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

তথ্যসূত্র: মিডেল ইস্ট আই, সংবাদমাধ্যম আরা

ইত্তেফাক/টিএস