চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিলো বিজিবি

আপডেট : ০৪ জুন ২০২৫, ১৬:৫৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার পর জনতার হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের এক সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি।

বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জোহরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয় বলে জানান বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

ফেরত যাওয়া গনেশ মূর্তি (৪৩) ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফের নুরপুর ক্যাম্পের জ্যেষ্ঠ কনস্টেবল।

বিএসএফের ওই সদস্যের নাম গণেশ মূর্তি। তিনি ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নুরপুর সীমান্ত ফাঁড়ির সিনিয়র কনস্টেবল। তাকে ফেরত দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ।

এর আগে আজ সকাল আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর–টেক সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে হেফাজতে নেয়।

লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ বলেন, জোহরপুর সীমান্তের সাতরশিয়া এলাকা দিয়ে বাংলাদেশ অংশে প্রবেশের সময় স্থানীয় লোকজন বিএসএফের সদস্য গণেশ মূর্তিকে অস্ত্র–গোলাবারুদসহ আটক করেন। পরে বিজিবির টহল দল তাঁকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। আটকের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

ইত্তেফাক/এএইচপি