এপ্রিল থেকে দুই লাখের বেশি আফগান নাগরিক পাকিস্তান ছেড়েছে

আপডেট : ০৪ জুন ২০২৫, ১৮:১৬

গত এপ্রিল মাসে নির্বাসন অভিযান পুনরায় শুরু করার পর থেকে ২ লাখের বেশি আফগান নাগরিক পাকিস্তান ছেড়েছে। ইসলামাবাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মতে, পাকিস্তান ৮ লক্ষাধিক আফগানকে ফেরত পাঠাতে কঠোর অভিযান শুরু করেছে, যাদের বসবাসের অনুমোদন বাতিল করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন বা কয়েক দশক ধরে সেখানে বসবাস করছেন।

পরিসংখ্যান অনুসারে, এপ্রিল মাসে ১ লাখ ৩৫ হাজারের বেশি আফগান পাকিস্তান ছাড়েন, মে মাসে এই সংখ্যা কমে ৬৭ হাজারে এ দাঁড়ায়। এছাড়া চলতি জুনের প্রথম দুই দিনে ৩ হাজারের বেশি লোককে ফেরত পাঠানো হয়েছে।

গত কয়েক দশক ধরে কয়েক লাখ আফগান ধারাবাহিক যুদ্ধ থেকে পালিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছে। ২০২১ সালে তালেবান সরকার ফিরে আসার পরও কয়েক লাখ আফগান পাকিস্তানে যায়।

২০২৩ সালে তাদের সরিয়ে দেওয়ার অভিযান শুরু হয়। এর ফলে কয়েক দিনের মধ্যেই হয়রানি বা গ্রেপ্তারের ভয়ে লাখো আফগান সীমান্ত অতিক্রম করে চলে যায়। এই সময়কালে মোট ১০ লক্ষাধিক আফগান পাকিস্তান ছেড়ে চলে গেছে।

গত বছর পাকিস্তানে এক দশকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হামলায় মৃত্যুর রেকর্ড করা হয়েছে। আফগানিস্তানের সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। তারা দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তানে ক্ষুদ্র জাতীয়তাবাদীদের ও উত্তর-পশ্চিমে পাকিস্তানি তালেবান এবং তাদের সহযোগীদের ক্রমবর্ধমান বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে।

নিরাপত্তা ও অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার সাথে সাথে কিছু পাকিস্তানি বিপুল সংখ্যক আফগান জনগোষ্ঠীকে আশ্রয় দিতে ক্লান্ত হয়ে পড়ায় সরিয়ে দেওয়া অভিযানে ব্যাপক সমর্থন সৃষ্টি হয়েছে।

ইত্তেফাক/এসকে