শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫০০ জনের নামে মামলা

আপডেট : ০৪ জুন ২০২৫, ২১:৩২

গাজীপুরের শ্রীপুরে কারখানার বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে শ্রমিক মৃত্যুর জেরে শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় ১৫০০ শ্রমিকের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছেন। 

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক এসআই সুশান্ত কুমার বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ১৫০০ শ্রমিককে আসামি করা হয়েছে।

নিহত মো. জাকির হোসেন (২৫) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। ডিবিএল কোম্পানির জিন্নাত নীট ওয়্যার লি: কারখানায় শ্রমিকের কাজ করতেন জাকির হোসেন।

জানা যায়, গত সোমবার সন্ধ্যায় অপমানিত হয়ে কারখানার অষ্টম তলার ছাদ থেকে লাফিয়ে মারা যায় শ্রমিক জাকির হোসেন। এর জেরে মঙ্গলবার সকাল থেকে কথিত বিচারের দাবিতে আন্দোলন শুরু করে কারখানার কয়েক হাজার শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভাংচুর করলে পুলিশ টিয়ারগ্যাস ও ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি এপিসি গাড়ি ভাংচুর করে। এতে কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শতাধিক শ্রমিক ও ১১ পুলিশ সদস্য আহত হয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, শিল্প পুলিশের একজন সদস্য বাদী হয়ে ৬৫ নামসহ অজ্ঞাত নামা ১৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৩ জন শ্রমিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। 

ইত্তেফাক/এএইচপি