হামাসের হাতে জিম্মি দম্পতির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

আপডেট : ০৫ জুন ২০২৫, ১৭:০৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহর থেকে দুই জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার (৫ জুন) ইসরায়েলের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া মরদেহ দুটি এক দম্পতির বলে জানানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ইতোমধ্যে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।

বার্তা সংস্থা এপির বরাতে জানা গেছে, নিহত দম্পতির নাম জুডি ওয়েস্টিন (৭০) ও গাদি হ্যাগাই (৭২)। জুডি ওয়েস্টিন ইসরায়েল ছাড়াও কানাডার নাগরিক ছিলেন এবং তাঁদের দুজনেরই মার্কিন পাসপোর্ট ছিল বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

আইডিএফ দাবি করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের ওপর হামাসের আক্রমণের দিনই ওই দম্পতি নিহত হন। হামাসের মিত্র হিসেবে পরিচিত একটি ছোট সশস্ত্র গোষ্ঠী—মুজাহিদ ব্রিগ্রেডস তাঁদের গুলি করে হত্যা করে এবং পরে মরদেহ গাজায় নিয়ে যায়। এই গোষ্ঠীই এর আগে শিরি বিবাস ও তাঁর দুই সন্তানকে অপহরণ ও হত্যা করেছিলো বলেও দাবি করেছে আইডিএফ।

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি এবং আমার স্ত্রী নিহতদের পরিবারের পাশে রয়েছি। তাঁদের কষ্ট আমাদের হৃদয় বিদীর্ণ করে। নিহতদের আত্মার শান্তি কামনা করি।’ একইসঙ্গে সফল অভিযানের জন্য আইডিএফের সেনাদের ধন্যবাদ জানান তিনি। তাঁর ভাষায়, ‘এই অভিযান ছিল সাহসিকতায় ভরা। যতক্ষণ না শেষ জিম্মিকে জীবিত বা মৃত ঘরে ফিরিয়ে আনতে পারছি, ততক্ষণ আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

দম্পতির পরিবারও মরদেহ ফেরত পাওয়ার পর কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। তাঁদের ভাষায়, ‘হামলার দিন সকালে হাঁটতে বের হয়েছিলেন জুডি ও গাদি। এরপর তাঁরা নিখোঁজ ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর তাঁদের অন্তত মর্যাদার সঙ্গে বিদায় জানানোর সুযোগ পাচ্ছি।’ 

এদিকে, ইসরায়েলে জিম্মি পরিবারদের নিয়ে গঠিত সংগঠন ‘হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে হামাসের সঙ্গে দ্রুত একটি যুদ্ধবিরতির চুক্তি হয় এবং বাকি জিম্মিদের জীবিত ফিরিয়ে আনা যায়। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘এই মিশন আগামীকালই শেষ করা সম্ভব। দয়া করে সময় নষ্ট করবেন না।’

এ বিষয়ে এখনো হামাস কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় লাগাতার সামরিক অভিযান চালিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযানে এ পর্যন্ত ৫৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তথ্যসূত্র: রয়টার্স, এপি

ইত্তেফাক/টিএস