ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই গরু ব্যবসায়ীর ২৫ লাখ টাকা খোয়ানোর অভিযোগ

আপডেট : ০৬ জুন ২০২৫, ১৩:৩৯

রাজধানীর তেজগাঁওয়ে তিব্বত-নাবিস্কো মোড় এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই গরু ব্যবসায়ীর ২৫ লাখ টাকা খোয়ানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা দিকে এই ঘটনা ঘটে।

ওই দুই ব্যবসায়ীর নাম মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। পরে অচেতন অবস্থায় হাসানকে উদ্ধার করে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। মো. আনোয়ারকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। জামালপুরের বকশীগঞ্জের চরগাওয়াইয়া গ্রাম থেকে কোরবানির গরু বিক্রি করতে রাজধানীতে এসেছিলেন তারা।

সহকর্মী নূর ইসলাম বলেন, ‘২৮টি গরু নিয়ে রাজধানীর তিব্বত গরুর হাটে আসেন তারা। এর মধ্যে কিছু গরু বিক্রি করে ২৫ লাখ টাকা তাদের কাছে রাখেন। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাবার খেতে হাট থেকে বের হন। বেশ কিছু সময় পার হওয়ার পর ফিরে না এলে আমরা তাদের খুঁজতে বের হই। পরে রাস্তার পাশে অচেতন অবস্থায় দুজনকে পাওয়া যায়। সেখান থেকে আনোয়ারকে স্থানীয় একটি হাসপাতালে এবং হাসানকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক বলেন, ‘অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসান নামের এক ব্যক্তির ২৫ লাখ টাকা খোয়ানোর অভিযোগ পেয়েছি। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

ইত্তেফাক/এনএ