শ্যামনগরে ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা যাত্রী অজ্ঞাত এক নারী (৫৫) নিহত হয়েছেন। আজ সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হায়বাতপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মনির সরদার গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী শেখ ইমাম হোসেন জানান, নওয়াবেঁকী থেকে যাত্রী নিয়ে মোটরসাইকেল চালক শ্যামনগর আসার সময় হায়বাতপুর মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই নারী ঘটনাস্থলে গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেদওয়ান রাইসুল ইসলাম মৃত ঘোষণা করে। মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
আরও পড়ুন: সাভারে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণ, আটক ১
শ্যামনগর থানার ওসি আনিছুর রহমান মোল্যা জানান, চিটাগাং যাওয়ার জন্য ওই নারী শ্যামনগর সদরে সৌদিয়া পরিবহন কাউন্টারে যাওয়ার সময় পথিমধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে।
